রিবেরিকে তিরস্কার করলেন হেইঙ্কস
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:১৮
বায়ার্ন মিউনিখ কোচ ইয়াপ হেইঙ্কস দলটির তারকা খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরির আচরণের সমালোচনা করে তাকে মাঠে আরো শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। বায়ার্নের সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে জুভেন্তাস মিডফিল্ডার আরতুরো ভিদালকে একটি মারাত্মক ফাউল করেও রেফারির চোখ এড়িয়ে যান রিবেরি। এর পরিপ্রেক্ষিতেই এমনটা বললেন হেইঙ্কস। আলিয়াঞ্জ অ্যারেনায় ইতালিয়ান ক্লাবটির বিরুদ্ধে রিবেরির দুর্দান্ত পারফরম্যান্সে ২-০ গোলে জয় পায় বায়ার্ন। ম্যাচে বার বার প্রতিপক্ষের আক্রমণের শিকার হওয়া রিবেরি ম্যাচের শেষ দিকে মেজাজ হারিয়ে ফেলেন। ম্যাচের এক পর্যায়ে বলের দখল নিতে গিয়ে তিনি ভিদালের গায়ে সজোরে লাথি মারেন। হেইঙ্কস মোটেও খুশি নন দলের সেরা খেলোয়াড়টির এমন আচরণে। একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফ্রাঙ্ক যা করেছে সেটার কোন প্রয়োজনই ছিল না। তার উচিত নিজের মেজাজ সামলে রাখা।’