যুব অলিম্পিকের হকিতে খেলার যোগ্যতা অর্জন
বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:২০
বাংলাদেশের ছেলেরা এশীয় জুনিয়র হকিতে চমক দিয়ে আগামী বছর যুব অলিম্পিকে খেলার টিকিট পেয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে অনূর্ধ্ব-১৬ এশীয় হকির সেমিফাইনালে বাংলাদেশ ৮-৫ গোলে জাপানকে হারিয়ে ফাইনালে উঠে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
ফাইনালে উঠার সুবাদে পাকিস্তানও যুব অলিম্পিকে খেলার টিকিট পেয়েছে। গতকাল পাকিস্তান ৬-০ গোলে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে। নিয়ম অনুসারে ফাইনালের দুই দল ২০১৪ সালে আগষ্টে অনুষ্ঠিতব্য যু্ব অলিম্পিক হকিতে খেলবে।
ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশের জিমি চয়নরা তৃতীয় রাউন্ডে যেতে পারেনি। ভালো খেলেও ফিরে এসেছিল। তাদেরই অনুসারীরা আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে একটা সাফল্য বয়ে আনল। ফাইনালে উঠেছে কোনো ম্যাচ না হেরে। বাংলাদেশের জন্য একটা ভালো সংবাদ এনে দিয়েছে বিকেএসপির ছেলেরা। ম্যাচের পর ম্যাচ ধারাবাহিকভাবে ভালো খেলে জিতেই চলেছে। আজ শেষ ম্যাচটি জিতলে জয়ের ষোলকলা পূর্ণ হবে বাংলাদেশের।
কোচ কাওসার আলীর তালিম নিয়ে বাংলাদেশের ছেলেরা টানা পাঁচ ম্যাচ খেলে ক্লান্ত। তারপরও ম্যাচ জয়ের আনন্দে ইমন, সাগর, রায়হান, আশরাফুল, বাবু, রোমান, নাঈমদের উদ্দীপনা ফাইনালে শক্তিশালী পাকিস্তানকে হারাবে বলে । সিঙ্গাপুরে দ্বিতীয় অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকিতে ১০ দেশের টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। ফাইভ এ সাইড এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ফেষ্টিভাল মুডে। অন্য হকি টুর্নামেন্টগুলো যে নিয়মে অনুষ্ঠিত হয়ে থাকে এতে তা পুরোপুরি অনুসরণ করা হয় না। খেলা হচ্ছে ১২ মিনিট করে ৩৬ মিনিট।
বাংলাদেশ গ্রুপ ম্যাচে প্রত্যেক দলকে বিধ্বস্ত করেছে। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭-২ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে, দ্বিতীয় ম্যাচে ৬-২ গোলে মালয়েশিয়াকে, কাজাখিস্তানকে ২৬-১ গোলে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করে। গতকাল সকালে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১১-২ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সন্ধ্যায় সেমিফাইনালে ৮-৫ গোলে জাপানকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশের ছেলেরা। ইমন ৫টি, নাঈম ২টি, আশরাফুল ১টি গোল করেন। সিঙ্গাপুর যাওয়ার আগে বাংলাদেশের ছেলেরা জানিয়ে গিয়েছিলেন তাদের লক্ষ্য ফাইনালে উঠা। তাদের লক্ষ্য পূরণ হয়েছে। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।
বাংলাদেশ এশিয়া যুব হকির প্রথম আসরেও ফাইনালে উঠেছিল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টেও যুব দলের কোচ ছিলেন কাওসার আলী। কিন্তু ফাইনালে উঠে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ দল। এবার হকির আরেক শক্তিধর পাকিস্তানকে মোকাবেলা করবে ফাইনালে।
দলের খেলোয়াড়রা হলেন ঃ সাগর, ইমন, বাবু, রোমান সরকার, নাঈম উদ্দিন, রাকিন, আশরাফুল ইসলাম, সাজিবুর রহমান, রায়হান।