রাজস্থান-হায়দ্রাবাদের শুভ সূচনা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:২০
রাহুল দ্রাবিড়ের অধিনায়কোচিত ব্যাটিংয়ের পরে শেষ ওভারে কেভন কুপারের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যাত্রা শুরু করলো রাজস্থান রয়্যালস। দারুণ নাটকীয় এক ম্যাচ শেষে গতকাল শনিবার দিনের প্রথম খেলায় তারা পাঁচ রানে হারায় দিল্লী ডেয়ারডেভিলসকে। অন্যদিকে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে গত শুক্রবারের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র ১২৬ রানের পুঁজি নিয়েও ২২ রানে পরাজিত করে পুনে ওয়ারিয়র্সকে।
টসে জিতে ব্যাটিংয়ে নামা রাজস্থানকে লড়াকু স্কোরের ভিত করে দেয় দ্রাবিড়-রাহানের ৬৫ রানের জুটি। ব্যক্তিগত ২২ রানে রাহানে ফিরে গেলে অধিনায়কের সাথে জুটি বাধেন স্টুয়ার্ট বিনি। যতক্ষণ এই দু’জন উইকেটে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল বড় সংগ্রহই গড়তে যাচ্ছে সফরকারিরা। তবে বিনি ফিরে যাওয়ার পরে দ্রূতই আরো কয়েকটি উইকেটের পতন ঘটলে নির্ধারিত ২০ ওভার শেষে রাজস্থান ১৬৫ রান সংগ্রহ করে।
রান তাড়ায় নেমে ডেভিড ওয়ার্নার ব্যাটে সওয়ার হয়ে ভালই জবাব দিতে থাকে দিল্লী। ১৯তম ওভারে ৭৭ রান করে যখন তিনি ফিরে যান জয়ের জন্য তখন দিল্লীর প্রয়োজন নয় বলে ১২ রান। কিন্তু কুপারের করা শেষ ওভারে মাহেলা জয়াবর্ধনের দল দুইটি উইকেট হারানোর পাশাপাশি মাত্র তিন রান নিতে সমর্থ হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে শুক্রবার রাজীব গান্ধি স্টেডিয়ামে সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কুমার সাঙ্গাকারার দল নির্ধারিত ওভার শেষে ১২৬ রান করতে সমর্থ হয়। এই স্বল্প সংগ্রহকে রক্ষা করতে যেমনটা প্রয়োজন ছিল, বল হাতে কুমার সাঙ্গাকারার দলের শুরুটা ছিল তেমনই। ডেল স্টেইন এবং অন্যপ্রান্তে ইশান্ত শর্মার আটসাঁট শুরুর পরে সফরকারিদের প্রথম ধাক্কাটা দেন ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক পেরেরা। এরপরে লেগ স্পিনার অমিত মিশ্র দ্রুত আরো কয়েকটি উইকেট তুলে নিলে চাপে পড়ে যায় পুনে। দ্বিতীয় স্পেলে ফিরে শেষ তিনটি উইকেট নিয়ে প্রতিপক্ষের লেজ মুড়ে দেন স্টেইন।