জিম্বাবুয়ে থেকে ফিরে আইপিএলে খেলবেন সাকিব

সাকিব আল হাসান জিম্বাবুয়ে সফর শেষে আগামী ১২ মের পর আইপিএল খেলতে ভারত যাচ্ছেন। আনন্দবাজারকে দেয়া এক টেলিফোন সাক্ষাত্কারে বিশ্বসেরা এই অলরাউন্ডার গতকাল এ কথা জানান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত আসরে মাঠ মাতানো সাকিব এবার টুর্নামেন্টের শুরু থেকে থাকতে পারছেন না দলের সাথে। কারণ বাংলাদেশ জাতীয় দল এখন ব্যস্ত জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিয়ে। আর দলের সঙ্গে দিন কয়েকের মধ্যেই সাকিবকেও উড়ে যেতে হবে সেখানে। এরই মধ্যে কলকাতা নেমে পড়েছে তাদের আইপিএল শিরোপা ধরে রাখার লড়াইয়ে। দিল্লী ডেয়ারডেভিলসকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনাই করেছে সাকিবের দল। মাঠে যেতে না পারলেও বাসায় দলের খেলা ঠিকই দেখছেন সাকিব। আর এবার দলের সম্ভাবনা কতটুকু এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের পারফরমেন্স দেখে মনে হলো ফাইনাল না খেলতে পারার কোনো কারণ নেই। দলটি অনেক আত্মবিশ্বাসী। প্লে-অফ পর্যন্ত যেতে পারলে চ্যাম্পিয়ন হবো না কে বলতে পারে?’ জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা থাকলেও আইপিএল-এ শুরু থেকে অংশ নিতে না পেরে মনোকষ্টে ভুগছেন জানিয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বলেন, ‘আশা করি ১২ মের পরে দলের সঙ্গে যোগ দিতে পারবো। তার পরে যে কটি ম্যাচ থাকবে সেগুলোয় অংশ নেব। হয়তো ইডেনে কোনো ম্যাচে খেলার সুযোগ হতেও পারে। কে বলতে পারে ফাইনালটাই হয়তো খেললাম।’