আবার বালোতেল্লি!

মারিও বালোতেল্লি বেশি গোল করেছেন, নাকি বেশি বিতর্কের জন্ম দিয়েছেন; সেটা নিয়েও লোকে কৌতুক করে। আরেকবার এই কৌতুকের পক্ষে আরেক বিতর্কিত কাণ্ড ঘটালেন ইতালিয়ান তারকা বালোতেল্লি। এবার ট্রেনে ধূমপান করার অভিযোগে জরিমানার ফাঁদে পড়তে যাচ্ছেন ইতালি ও এসি মিলানের এই স্ট্রাইকার। ইতালিয়ান লিগে ফিয়োরেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলার জন্য ফ্লোরেন্স যাবার পথে ট্রেনে নিষেধ থাকা সত্ত্বেও ধূমপান করেছেন বালোতেল্লি। ফলে মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির কাছে অভিযোগ জানিয়ে ট্রেনের স্টাফরা জানান, ‘বালোতেল্লির ব্যাপারে আরো সজাগ থাকা দরকার। সে (বালোতেল্লি) টয়লেটে ধূমপান করেছে।’ ট্রেনের স্টাফদের এমন অভিযোগ শুনে গালিয়ানি বলেন, ‘যদি এমন কাজ সে করে থাকে, তবে তো তাকে জরিমানার ফাঁদে পড়তে হবে।’—বাসস