খাল রক্ষায় পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

দেশের সকল খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে আদালত। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া দেশের সকল খাল আরএস বা সিএস রেকর্ড অনুসারে রক্ষার জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্থানীয় সরকার সচিব, অর্থ সচিব, পানি সচিব, পরিবেশ সচিব, ভূমি সচিব, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। দেশের সকল খাল রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। আবেদনে বলা হয়, ভূমিদস্যুরা দেশের বিভিন্ন এলাকায় খাল ভরাট করে আবাসন প্রকল্প বা ঘরবাড়ি করছে। ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কৃষকদের চাষাবাদে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে খাদ্য উত্পাদনেও প্রভাব পড়তে পারে। পরিবেশ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে এ ধরনের ভরাট সম্পূর্ণ অবৈধ। আবেদনকারীর পক্ষে এডভোকেট মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট বিশ্বজিত্ রায় শুনানি করেন।