এএফসির আচরণে ক্ষুব্ধ ডাচ কোচ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩০
ঢাকায় এসেই তার ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। এএফসি যে প্রক্রিয়ায় বাংলাদেশকে চ্যালেঞ্জ কাপ ফুটবল থেকে বাদ দিয়েছে তার সাথে একমত নন ডাচ কোচ ক্রুইফ এবং তার সহকারী রেনে কেস্তার। সাথে ঢাকায় এসেছেন তাদের স্ত্রীরা।
গতকাল বিকালে ঢাকায় এসেছেন ডাচ কোচরা। বিমানবন্দরে পৌঁছে ডাচ কোচরা সাংবাদিকদের সাথে কথা বলেন। অন্যতম সেরা রানার্সআপ দল হিসাবে চ্যালেঞ্জ কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু এএফসি শেষ মুহূর্তে বাছাই পর্ব শেষে জানিয়ে দেয় চূড়ান্ত পর্বের আট দলের নাম। সেখানে ছিল না বাংলাদেশের নাম। বাংলাদেশ বঞ্চিত হয় চ্যালেঞ্জ কাপ ফুটবল থেকে। এএফসির এই আচরণে ক্ষুব্ধ হয়েছেন ডাচ কোচ। লুডভিক ডি ক্রুইফ গতকাল ঢাকায় পৌঁছে বলেন, আমি বুঝতে পারছি না এটা কী ধরনের নিয়মে বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না।’ ক্রুইফ এএফসির সমালোচনা করে বলেন, ‘এটা খুবই দুঃখজনক এবং সঠিক সিদ্ধান্ত নয়।’ তারপরও চ্যালেঞ্জ কাপ ফুটবলে বাংলাদেশ নিয়ে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সাথে কথা বলেন তিনি।
আগামী জুনে লন্ডনে ট্রাই নেশন ফুটবল সিরিজ হবে। বাংলাদেশ পাকিস্তান এবং ভারতকে নিয়ে এই সিরিজের আয়োজন করেছে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগ্রহ আছে বাংলাদেশের। লন্ডনে সিরিজ হবে সেটা জানা আছে ডাচ কোচ ক্রুইফের। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে লন্ডন যেতে চান। গতকাল এ প্রসঙ্গে ক্রুইফ বলেন, আমি লন্ডন যাওয়ার আগে ১৫ দিনের প্রস্তুতি নিয়ে যেতে চাই। এর জন্য বাফুফে চাইলে ১৫ দিন আগেই আমি ঢাকায় আসবো।’ ডাচ কোচরা পেশাদার। তারা বিনা পারিশ্রমিকে একদিন কাজ করবেন না। কাজী সালাহউদ্দিনও পারিশ্রমিক দিয়েই কাজ করাতে চান। চুক্তি সম্পর্কে রেনে কেস্তার বলেছেন, তারা এই সফরেই চূড়ান্ত আনুষ্ঠানিকতা সেরে নিতে চান।
জুনে দুই বছরের জন্য আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করার আগে তারা দেখে নিতে চান তাদের পরিবার সন্তানদের নিয়ে কোথায় অবস্থান করবেন। বাড়িঘর, বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু নিশ্চিত করতে ডাচ কোচদের স্ত্রীরা গতকাল ঢাকায় এসেছেন। শুক্রবারই তারা ঢাকা ছেড়ে যেতে পারেন। ডাচ কোচের অধীনে তালিম নিয়ে নেপালের কাঠমান্ডুতে চ্যালেঞ্জ কাপ ফুটবলের বি গ্রুপের বাছাই পর্বে বাংলাদেশ ০-১ গোলে ফিলিস্তিনের কাছে হারে, দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে নেপালকে এবং শেষ ম্যাচে ৪-০ গোলে দীপপুঞ্জ দেশ নর্দান মারিয়ানাকে হারায়। এই সফরে বাংলাদেশ নজরকাড়া পারফরম্যান্স করেছে।