প্রস্তুত জার্মান ও স্প্যানিশ জায়ান্টরা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩১
প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর রিয়াল মাদ্রিদ সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে আছে। আজ দ্বিতীয় লেগে তাই প্রতিপক্ষ গ্যালাতাসারের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা হলেও বেশ নির্ভার রিয়াল মাদ্রিদ শিবির। তবে, রিয়াল মাদ্রিদের মতো এতোটা নির্ভার থাকতে পারছে না জার্মান জায়ান্ট দল বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে গোল শূন্য ড্রয়ের পর আজ তাদের জয়ের কোন বিকল্প নেই।
যদিও প্রথম লেগের ম্যাচ শেষ হবার সাথে সাথেই কোচ হোসে মরিনহো ইঙ্গিত দিয়েছিলেন দ্বিতীয় লেগের ম্যাচটিকে তারা কোনভাবেই হালকাভাবে দেখছেন না। তিনি বলেছিলেন, অতীত অভিজ্ঞতা থেকে আমি একথা বলতে পারি যে আজকের ম্যাচের ফলাফল আমাদের দিকেই আছে। কিন্তু আমি আমার খেলোয়াড়দের একটি বিষয় স্পষ্টভাবে বলে দিতে চাই যে, কোন কিছুই এখনো শেষ হয়ে যায়নি। দ্বিতীয় লেগে এ একই মানসিকতা নিয়ে আমাদের খেলতে হবে। ইস্তামবুলে খেলা খুব একটা সহজ হবে না। সেখানকার মাঠ খেলার জন্য সবসময়ই কঠিন।
লা লিগায় গত শনিবার লেভান্তেকে ৫-১ গোলে হারায় গ্যালাকটিকোরা। তাই ঐ জয়টিও সাথে থাকায় আত্মবিশ্বাসে বেশ টইটুম্বর রিয়াল। এমনটাই মনে করেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ‘এই মৌসুমে এটাই আমাদের সেরা ফর্ম। প্রত্যক ম্যাচে সবাই বেশ ভালো করছে। এটা খুবই ভালো দিক। তাই দলের সবাই বেশ ফুরফুরে মেজাজেই আছে। ড্রেসিংরুমের পরিবেশটাও বেশ আনন্দদায়ক।’
গ্যালাতাসারের বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেন রোনালদো, ‘দ্বিতীয় লেগের ম্যাচটি বেশ কঠিনই হবে। কারণ প্রতিপক্ষ ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবে। অবশ্য আমরা তিন গোলে এগিয়ে আছি। কিন্তু আমাদের তো এখনো সেমিফাইনাল নিশ্চিত হয়নি। তাই ঐ ম্যাচ নিয়ে সর্তক থাকতে হবে আমাদের। দ্বিতীয় লেগেও ভালো খেলে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই আমরা এবং শিরোপাও জিততে চাই।’
লিগ শিরোপা জয়ের দৌড় থেকে বেশ পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের লিগে শিরোপার জয়ের পথে বেশ শক্তপোক্তভাবেই টিকে রয়েছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারে। ২৭ খেলা শেষে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। তাই বলা যায় ফর্মটাও বেশ যাচ্ছে তাদের। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি গ্যালাতাসারে। তাই প্রতিপক্ষকে বেশ সমীহই করছেন দিদ্রিয়ার দ্রগবা, ‘আমরা রিয়ালের মত শক্তিশালী দল নই। আমরা তারুণ্যনির্ভর দল। আমাদের এখনো অনেক কিছু শেখার আছে। আমরা এখনো শিখছি এবং উন্নতি করছি। তবে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের বিপক্ষে আমাদের অনেক বেশি আক্রমণাত্মক থাকতে হবে। কারণ ঐ ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই।’
কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচ ড্র হলেও বিশেষ করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা স্প্যানিশ দল মালাগার বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ডের অ্যাওয়ে ম্যাচে ড্র অনেককেই বিস্মিত করেছে। ম্যাচটির ফলাফল ডর্টমুন্ডের জন্য আরো ভাল হতে পারত। বিশেষ করে প্রথমার্ধে মারিও গোজের তিনটি সুস্পষ্ট গোলের সুযোগ জার্মানকে এগিয়ে দিতে পারতো বলেই হতাশাটা আরো বেড়েছে। এরপরও এই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ জার্গেন ক্লোপ। তিনি বলেন, ‘আমি এখন এই ফলাফল নিয়েই সামনে এগিয়ে যাব। ম্যাচের প্রথম কিক থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা সবকিছুই করেছি। কিন্তু এরপরও ফলাফল আমাদের দিকে যায়নি। তবে ফিরতি ম্যাচে কি করতে হবে আমরা সেটা ভালভাবেই জানি। মালাগার জন্য দ্বিতীয় লেগের ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ বলে সমস্যা সেখানেই। একটি গোল করতে পারলেও সেটা মালাগার পক্ষেই যাবে।’
আজকের ম্যাচ
কোয়ার্টার ফাইনাল (দ্বিতীয় লেগ)
বরুশিয়া ডর্টমুন্ড-মালাগা
গ্যালাতাসারে-রিয়াল মাদ্রিদ