জিম্বাবুয়ে সফরেই আবার সাকলায়েন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩২
অল্প ক’দিনেই বাংলাদেশি স্পিনারদের প্রিয়তম কোচে পরিণত হয়েছিলেন তিনি। সেই সঙ্গে বোলিংয়েও তার প্রভাব পরিষ্কার বোঝা যাচ্ছিল। সবাই চাচ্ছিলেন বাংলাদেশ দলে তার মেয়াদ দীর্ঘায়িত হোক। কিন্তু পারিবারিক কারণে বাংলাদেশ দলের স্পিন বিশেষজ্ঞ কোচের দায়িত্বের মেয়াদ বাড়াতে চাননি পাকিস্তানের লিজেন্ড সাকলাইন মুশতাক। তবে এবার সুখবরই পেলেন ক্রিকেটাররা। কাল বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ে সফরেই ফের মুশফিকদের স্পিন বিশেষজ্ঞ হিসেবে সাকলাইন দলের সাথে যোগ দিচ্ছেন।
গত বছর শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে ও ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের স্পিন বিশেষজ্ঞ ছিলেন সাকলাইন। তার সাথে বিসিবির চার মাসের চুক্তি ছিল। চুক্তির এই সময়ে সাকলায়েন বোলিং কোচ হিসেবে দল নিয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন। সেখানে বিরাট কোনো সাফল্য না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকলায়েনের কৃতিত্ব পরিষ্কার বোঝা যায়। বাংলাদেশের তরুণ স্পিনাররা পরিষ্কার বলেন সেই সিরিজে তাদের দুরন্ত প্রভাবের পেছনে এই পাকিস্তানী কোচেরই অবদান।
এবার সরাসরি দুবাইতে বাংলাদেশ দলের যাত্রাবিরতিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এখন পর্যন্ত যতোদূর জানা গেছে, তিনি শুধু জিম্বাবুয়ে সফরেই কাজ করবেন দলের সঙ্গে।