নড়িয়া হাসপাতালের বেহাল অবস্থা

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা। দীর্ঘ ৭ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে দুইটি এক্সরে মেশিন। এ কারণে উপজেলার দরিদ্র লোকজন প্রয়োজনীয় এক্সরে সেবা পাচ্ছেন না। এক্সরে মেশিনটি বিকল থাকায় এবং এখানে কর্মরত রেজিওলজিষ্টকে বসিয়ে বেতন দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত সোমবার সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে পর্যাপ্ত রোগী চিকিত্সা নিতে আসলেও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় এক্স-রে সুবিধা পাচ্ছে না। বাধ্য হয়ে উপজেলার বিভিন্ন প্যাথলজি থেকে বেশি টাকায় ঐসব পরীক্ষা ও এক্স-রে করতে হচ্ছে রোগীদের। জানা গেছে গত ৭ বছর যাবত্ রেজুলেশন নষ্ট হওয়ার কারণে এক্স-রে মেশিনটি বিকল। একই অবস্থা প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতেও। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতালেব মিয়া বলেন, এক্স-রে মেশিনটির রেজুলেশন মেরামতের জন্য স্বাস্থ্য বিভাগের সিএমএসডিতে লিখিতভাবে চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছে না।