ইন্টারনেটের ব্যবহার নিরাপদ করতে বাংলালায়ন এবং ক্যাসপারস্কি’র যৌথ উদ্যোগ

বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড এবং ক্যাসপারস্কি ল্যাব নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য যৌথভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ সংক্রান্ত বিষয়ে গত ৭ এপ্রিল রাজধানীতে অবস্থিত বাংলালায়নের প্রধান কার্যালয়ে ত্রিপক্ষীয় এক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড-এর চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস-এর সিইও প্রবীর সরকার এবং অফিসএক্সট্র্যাক্টস-এর চ্যানেল পার্টনার ইউনিকম বাংলাদেশের সিইও মো. শাহিদ-উল-মুনীর নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড এবং ক্যাসপারস্কি ল্যাব বাংলালায়ন ওয়াইম্যাক্স ব্যবহারকারীদেরকে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ব্যবহারে কারিগরী সহায়তা ও সেবাদান এবং বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রদান করবে। এতে করে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার এবং তাদের কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত হবে। অন্যদিকে ম্যানেজিং এজেন্ট হিসেবে ইউনিকম বাংলাদেশ বাংলালায়ন ওয়াইম্যাক্স ব্যবহারকরীদের মধ্যে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি সহজলভ্য করার ব্যবস্থা করবে।