নরসিংদীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচতেনতা কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে সম্প্রতি অনুষ্ঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির পরিচালক মোস্তাফা জব্বারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম। প্রধান অতিথি তার বক্তব্যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে নরসিংদীর ডিজিটালাইজেশনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘নরসিংদীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তি শিক্ষাকে উত্সাহিত করতে বিভিন্ন কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও তথ্যপ্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং তাদের প্রশিক্ষিত করার কার্যক্রম চলছে।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, গ্রাফিক্স, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা, শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার, ভিডিও ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করা হয়। পরে কুইজ বিজয়ীদের হাতে নানাবিধ উপহার প্রদান করা হয়।