মেসির ইনজুরির ফায়দা তুলতে চায় পিএসজি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:৩৬
বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি আজ বুধবার প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে নিজ মাঠে খেলতে পারবেন কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দল দুটি আজ বুধবার রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে। এছাড়া শেষ আটের ফিরতি লড়াইয়ে অংশ নিতে বায়ার্ন মিউনিখ দুই গোলের অগ্রগামিতায় যাবে জুভেন্তাসের মাঠে।
প্যারিসে প্রথম লেগের খেলায় পিএসজির মাঠে ২-২ গোলের ড্রয়ে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সে খেলায় তিনি গোলও করেন। বার্সেলোনাও ইতোমধ্যে মায়োর্কার বিরুদ্ধে গত শনিবার লা লিগার খেলায় ৫-০ গোলে জিতে প্রমাণ করেছে, তারা আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়াও উতরাতে পারে।
মেসি ফিটনেস পরীক্ষায় পাস করলেই কেবল খেলতে নামবেন আজ। শুধু তিনিই নন; পেদ্রো ও আদ্রিয়ানোও খেলবেন কিনা সেটাও এখনো অনিশ্চিত। সেই সাথে বার্সেলোনার রক্ষণভাগের ভরসা কার্লোস পুয়োল ও ম্যাসেরানো আগে থেকেই খেলার বাইরে চলে গেছেন। সব মিলিয়ে সংকটের মধ্যেই ন্যু ক্যাম্পে পিএসজি’র মুখোমুখি হতে হচ্ছে বার্সেলোনাকে।
যদিও মেসি ইতোমধ্যে সেরে উঠছেন। রবিবার তিনি ফিটনেস সংক্রান্ত অনুশীলন করেন। স্প্যানিশ গণমাধ্যম জানায়, সোমবার পুরো দলের জন্য ছুটি বরাদ্দ করা হলেও সে কজন খেলোয়াড় নিজ তাগিদে অনুশীলনে আসেন তাদের মধ্যে ছিলেন মেসিও। লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত থাকার কারণে কোচ টিটো ভিলানোভা হয়তোবা তার এই তারকা খেলোয়াড়টিকে মাঠে নামানোর ঝুকি নিতে পারেন। এখন দেখার বিষয় কোচ রক্ষণভাগের মাঝখানে ম্যাসেরানোর অনুপস্থিতিতে জেরার্ড পিকের সাথে কাজে জুড়ে দেন। মায়োর্কার বিরুদ্ধে অবশ্য বার্সেলোনার তরুণ দলের সাবেক খেলোয়াড় অনভিজ্ঞ মার্ক বার্তাকে পিকের সাথে নামানো হয়েছিল। তবে বিকল্প হিসেবে থাকছে আবার ফিটনেস ফিরে পেতে চলা বৈচিত্র্যময় খেলার অধিকারী আদ্রিয়ানো কোরেইয়া ও মিডফিল্ডার অ্যালেক্স সংও।
এদিকে মেসির অনুপস্থিতিতে লা লিগার পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা বার্সেলোনা সেস ফ্রাবেগাসের হ্যাটট্রিক ও অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে সর্বশেষ খেলাটিতে জয় তুলে নেয়। তবে প্যারিসের ক্লাবটি অবশ্য লা লিগার দল মার্য়োকার চেয়ে আরো কঠিন প্রতিপক্ষ।
পিএসজির অনুপ্রেরণাদায়ী সেন্টার ব্যাক থিয়াগো সিলভা প্রথম লেগে পায়ে ব্যথা পেলেও দলে ফিরেছেন। কিন্তু কার্ড পেয়ে নিষিদ্ধ হওয়ার কারণে ব্লেইজ মাতুইদির জায়গায় পিএসজি কোচ কার্লো অ্যানচেলোত্তি কাকে নামান তাও দেখার অপেক্ষায় থাকবে ফুটবলামোদীরা। ধারণা করা যায়, ডেভিড বেকহ্যামকে দেখা যেতে পারে মূল একাদশে।
এদিকে আজ ইতালীয় চ্যাম্পিয়ন জুভেন্তাস ও বায়ার্ন মিউনিখ সেমিফাইনালের আশা নিয়েই মাঠে নামবে। প্রথম লেগে স্বাগতিক বায়ার্ন মিউনিখ ২-০ গোলে জুভেন্তাসকে হারিয়ে এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। কিন্তু নিজ মাঠে ইতালির দলটিও উল্টে দিতে পারে আগের ফল।