ই ং লি শ প্রি মি য়া র লি গ

ইউনাইটেডকে হারিয়ে পরের মৌসুমে দৃষ্টি মানচিনির

রবার্তো মানচিনি জানিয়েছেন ম্যানচেস্টার সিটি আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করতে পারে। গত সোমবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারানোর পর তিনি এ মত দেন। সার্জিও অ্যাগুয়েরোর অসাধারণ নৈপুণ্যে দেয়া জয়সূচক গোলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বিপক্ষের মাঠে এই দুরূহ ম্যাচটি জিতে নেয়। ইউনাইটেডের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে জয়সূচক গোলটি করেন শিরোপা লড়াই থেকে দৃশ্যত ছিটকে যাওয়া সিটির আর্জেন্টাইন স্ট্রাইকারটি। এই গোলের পরও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় সিটি। এ জয়ে মানচিনির দল ইউনাইটেডকে মনে করিয়ে দিল তারা যে আরো কয়েক সপ্তাহ চ্যাম্পিয়ন থাকছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থাকা সিটির জন্য ওল্ড ট্রাফোর্ডে এটি হলো টানা দ্বিতীয় জয়। গত মৌসুমে সিটি এই মাঠে ৬-১ গোলে জিতেছিল। ইউনাইটেড এখনও ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে। চলতি মৌসুমে এখনো সাতটি ম্যাচ বাকি তাদের। মানচিনি মানছেন এরপরও শিরোপার আশা নেই। তিনি বলেন, ‘পরবর্তী মৌসুমে আমরা শিরোপা জিততে পারি। দুর্ভাগ্যবশত এই বছরে আমরা কিছু ভুল করেছি। কিন্তু আমরা এখন কিছুই করতে পারবো না। মৌসুম শেষ হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পরবর্তী মৌসুমের কথা ভেবে এখন এই খেলাটি ধরে রাখা জরুরি ।’ ইতালিয়ান এই ম্যানেজার আরো যোগ করেন,‘চ্যাম্পিয়নশিপ শেষ। আমাদের সমর্থকদের এই জয়টা প্রাপ্য ছিল। কারণ ১৫ পয়েন্টে পিছিয়ে থাকার পর এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ আমরা এখন দ্বিতীয় স্থানটি দখল করতে পারি।’ ম্যানচেস্টার ডার্বিতে শুরুর দশ মিনিট বাদ দিলে প্রথমার্ধের লড়াই তেমন জমেনি। সফরকারীরাই গোলমুখ উন্মোচন করে ৫১ মিনিটে। সিটির জেমস মিলনার গোলের সূচনা করেন। কিন্তু এরপর আট মিনিট এগিয়ে ছিল সিটি। দুর্ভাগ্যবশত ৫৯ মিনিটে সিটির অধিনায়ক ভিনসেন্ট কম্পানি আত্মঘাতী গোল করলে ১-১ এ সমতা আসে। রবিন ফন পার্সি দারুণ এক ফ্রি-কিক নেন। ফ্রি-কিকের বদৌলতে গোলটি পায় ইউনাইটেড। বদলি হিসাবে খেলতে নামা অ্যাগুয়েরো ৭৮ মিনিটে স্বাগতিক ডিফেন্ডারদের পরাস্ত করে বল পাঠান জালে। তবে সফরকারী সিটি গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। সামির নাসরি, মিলনার এবং ডেভিড সিলভা সুযোগ নষ্ট করেছেন। অন্যদিকে ইউনাইটেডের ফন পার্সি গোল বঞ্চিত থাকেন এই রাতে। এ নিয়ে টানা দশ ম্যাচে গোল নেই তার। ইউনাইটেড ৩১ খেলা শেষে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সিটি ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে। ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে চেলসি। একটি ম্যাচ বেশি খেলে টটেনহ্যামেরও চেলসির সমান পয়েন্ট। আন্দ্রে ভিলাস বোয়াসের দলটি রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে । ইউনাইটেড ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন নিজেদের সুবিধাজনক অবস্থানের ব্যাপারটি মাথায় রাখছেন না গাণিতিক হিসাবের কারণে। তিনি বিবিসিকে বলেন,‘ আমাদের আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই। যদি আপনি এই ক্লাবটির পুরো বছরের ইতিহাস দেখেন,আমরা সবসময় নিজেদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছি।’