সামনে থেকে নেতৃত্ব দিলেন কোহলি

বিরাট কোহলির দুর্দান্ত এক ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদকে সাত উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির অপরাজিত ৯৩ রানের উপর ভর করে গতকাল মঙ্গলবার স্বাগতিকরা সহজেই টপকে যায় প্রতিপক্ষের ১৬১ রানের বাধা। অন্যদিকে গত সোমবারের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালস ১৯ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ক্যামেরন হোয়াইট এবং থিসারা পেরেরার দারুণ দুটি ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে সফরকারিরা সংগ্রহ করে ১৬১ রান। তিনটি করে ছয় এবং চারের সহায়তায় হোয়াইট করেন ইনিংস সর্বোচ্চ ৫২ রান। লঙ্কান তারকা পেরেরার ৪০ রানের ইনিংসে ছিল চারটি ছয়। ব্যক্তিগত ১৩ রানে বিপজ্জনক গেইলকে ফিরিয়ে দিয়ে বেঙ্গালুরুকে চাপে ফেলে দেন ইশান্ত শর্মা। তবে অন্যপ্রান্তে অধিনায়ক কোহলি খেলতে থাকেন আস্থার সাথেই। ভিলিয়ার্সের সঙ্গে ৪৯ রান যোগ করার পরে হেনরিকুয়েসের সঙ্গে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। মাত্র ৪৭ বলের এই ইনিংসে ১১টি চারের পাশাপাশি ছিল চারটি ছয়। এদিকে পেসারদের দাপটে গত সোমবারের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালস ১৯ রানে হারিয়েছে শিরোপাধারি কলকাতা নাইট রাইডার্সকে। ভারতের প্রথাগত স্পিনবান্ধব উইকেটের তুলনায় জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামের উইকেট ছিল একেবারেই উল্টো। ফলে স্বাগতিক রাজস্থান মাঠে নামে পাঁচজন পেসার নিয়ে। আর সিমার লক্ষ্মীপতি বালাজিকে পাল্টে ফাস্ট বোলার শামি আহমেদকে নিয়ে মূল একাদশ সাজায় সফরকারিরা। শেষ পর্যন্ত পেসাররাই হয়ে ওঠেন ম্যাচের নিয়ন্ত্রক। টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজস্থানকে ইনিংসের শুরুতেই গতির ঝড়ে টালমাটাল করে দেন ব্রেট লি এবং শামি। উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নিতে হয় ওপেনার শেন ওয়াটসনকে। নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে রাজস্থান সংগ্রহ করে ১৪৬ রান। এতে বড় অবদান ছিল ব্রাড হজের ৪৬ রানের দায়িত্বশীল ইনিংসটির। রান তাড়ায় নেমে কলকাতার শুরুটা হয় আরো খারাপ। রাহুল শুক্লা তার প্রথম ওভারেই তুলে নেন দুটি উইকেট। আর ইনিংসের সপ্তম ওভারে পঞ্চম পেসার হিসেবে বোলিংয়ে আসা স্বিদ্ধার্থ ত্রিবেদীও তার প্রথমওভারে তুলে নেন দুটি উইকেট। এই ধাক্কা কলকাতার পক্ষে আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এওয়িন মরগ্যানের ৫১ রানের ইনিংসটি শুধু তাদের পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। জয় থেকে ১৯ রান দূরে ১২৫ রানে থেমে যায় কলকাতার ইনিংস। মোহালিতে আজকের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।