আবিদালের সুস্থ হয়ে ওঠা ‘অলৌকিক ব্যাপার’
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:৪১
বার্সেলোনা ডিফেন্ডার এরিক আবিদালের লিভার প্রতিস্থাপন করা শৈল্য চিকিত্সকদের একজন বলেছেন, কাতালান ক্লাবটির এ তারকার সেরে ওঠা এক ‘অলৌকিক’ ঘটনা। এটি চিকিত্সা বিদ্যায় নতুন মাত্রা যোগ করেছে।
এক বছর আগে ৩৩ বছর বয়সী বার্সেলোনা তারকার লিভার প্রতিস্থাপনের ঘটনায় যুক্ত ছিলেন জুয়ান কার্লোস গার্সিয়া ভালদেকাসাস নামের ওই চিকিত্সক। তিনি বলেন, চিকিত্সার মাত্র এক বছরের মধ্যে পেশাদার খেলার শীর্ষ পর্যায়ে অংশগ্রহণ একটি নজিরবিহীন ঘটনা।
কাতালান রেডিও স্টেশন আরএসি ওয়ানকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার ধারণা ছিল তিনি সুস্থ হয়ে পরিবার- পরিজন নিয়ে উন্নতমানের জীবন-যাপনে মনোনিবেশ করবেন। কিন্তু এখন দেখছি তার সেরে ওঠার ধারাটি অলৌকিক। এটি একটি অসাধারণ ঘটনা।’
সচরাচর অধিকাংশ রোগী এ ধরনের ঘটনার পর সাধারণভাবে জীবন-যাপন করতে পারে। এর মধ্যে ৯০ শতাংশ রোগীর জীবন-যাপন হলো অসাধারণ মানের। কিন্তু তার বিষয়টি সাধারণের মতো নয়। ওষুধ নতুন নতুন লক্ষ্য স্থাপন করে যাচ্ছে এবং আবিদাল আরেকটি লক্ষ্যে পৌঁছে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
ফরাসী এই তারকা ১৪ মাসের মধ্যে প্রথমবারের মতো মাঠে ফেরেন গত শনিবার মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের জয়ে।
ওই চিকিত্সক আরো বলেন যে, তার বিশ্বাস দলের প্রয়োজনে চ্যাম্পিয়ন্স লিগে প্যারি সেন জার্মেইর (পিএসজি) বিপক্ষে খেলাটিতেও অংশ নেয়ার মতো শারীরিক সামর্থ্য তার ছিল।
গার্সিয়া বলেন, ‘তিনি (আবিদাল) বার্সেলোনার খেলোয়াড় এবং দলেও ছিলেন। তিনি সেখানে (দলে) থাকতে এবং খেলতে চেয়েছিলেন। কাজেই আমি মনে করি না আমাদের তাকে ভিন্নভাবে দেখা উচিত। আমার কোন ধারণা নেই শনিবার তিনি খেলায় ফিরবেন কিনা। তবে আমি জানি আজ হোক, কাল হোক তিনি খেলায় ফিরবেন। তার সঙ্গে আমার কোন কথা হয়নি। কিন্তু পিএসজির বিপক্ষে তার নিখুঁত ও ভাল খেলার সম্ভাবনা আছে।’
গার্সিয়া আরো নিশ্চিত করেছেন যে, গেল সপ্তাহে আবিদালের আরো কয়েক বছর খেলতে চাওয়া নিয়ে দেয়া বিবৃতি ঠিকই আছে। তিনি বলেন,‘ সবকিছু ঠিক থাকলে তিনি আরো দুই বছর খেলা চালিয়ে যেতে পারবেন।’ -বাসস