ইনজুরির কারণে গুলের খেলা নিশ্চিত নয়
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:৪৩
পাকিস্তানের ফাস্ট বোলার উমর গুলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাত্র কয়েক সপ্তাহ।
গুল গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের সময় থেকেই ইনজুরির কবলে আছেন। টেস্ট সিরিজে অত্যন্ত দুর্বল পারফরমেন্সের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতেও খেলতে সক্ষম হন তিনি। তবে ডান পায়ের হাঁটুর ইনজুরির কারণে সিরিজের শেষ দু’ম্যাচে মাঠের বাইরে থাকতে বাধ্য হন।
দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পরপরই হাঁটুর স্ক্যানিং করান গুল। সেই রিপোর্ট অস্ট্রেলিয়ার একজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। অতীতেও তার ফিটনেস সম্পর্কে শংকা ছিল। তবে এই মুহূর্তে তার ইনজুরিটা ভাবিয়ে তুলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকেও। এমন সময়ে ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে তার খেলা নিয়েই সন্দেহ সৃষ্টি হয়েছে।
ইনজুরির কারণে চলমান ঘরোয়া প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্ট মিস করছেন তিনি। এমনকি করাচিতে ওয়াসিম আকরাম পরিচালিত বোলিং ক্যাম্পে তার যোগ দেয়ার বিষয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে।
অস্ট্রেলিয়া থেকে গুলের ইনজুরির বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের বিষয়েও এখন সন্দিহান গুল।
টুর্নামেন্টের আগে যথাসময়ে অভিজ্ঞ এ ফাস্ট বোলার নিজের ফিটনেস ফিরে না পেলে পাকিস্তান দলের জন্য এটা হবে একটা বড় ধরনের ধাক্কা। ইতোপূর্বে ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দলের হয়ে অসাধারণ ভূমিকা রাখা গুল সে বছর দলকে শিরোপাও জিতিয়েছিলেন। বাসস