মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে চুক্তি স্বাক্ষর করল ইউনিক

মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতিতে পাঠদানে সম্প্রতি সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউনিক বিজনেস সিস্টেমস। রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক অবস্থায় দেশের ২০,৫০০ স্কুল ও মাদ্রাসায় সরকার ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পে প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট মডেম, স্পিকার প্রভৃতি ডিভাইস সরবরাহ করবে। জুন মাস থেকেই প্রজেক্টর সরবরাহ শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সকল বিদ্যালয়কেই এভাবে ডিজিটাল ক্লাসরুমে পরিণত করা হবে। এই প্রকল্পের প্রজেক্টরগুলো সরবরাহ করবে ইউনিক বিজনেস সিস্টেমস। সরকারের পক্ষ থেকে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ ও ইউনিক বিজনেস সিস্টেমস-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাকিম। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্তব্য করেন তিনি।