শিরোপা জয়ে ম্যানসিটির বাধা শুধুই ব্রাইটন

মাত্র পাঁচ দিনের অপেক্ষা। আগামী ১২ মে মঞ্চস্থ হবে নাটকের শেষ দৃশ্য। সেদিন রাত ৮টায় শিরোপা দৌড়ে থাকা দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সেই ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ম্যানসিটি জয় পেলে কোনো হিসেবে না গিয়েই দলটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে। অপরদিকে সিটি হেরে গেলে বা ড্র করলে এবং ওলভসের বিপক্ষে লিভারপুল জিতলে ৩৯ বছর পর লিগ শিরোপার দেখা পাবে জার্গেন ক্লপের শিষ্যরা।  

শিরোপার পথে ম্যানসিটির জন্য বড় একটা বাঁধা ছিল লেস্টার সিটি। সোমবার রাতে ভিনসেন্ট কোম্পানির একমাত্র গোলে সেই বাঁধা পার হয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। খেলায় বল নিয়ন্ত্রণ, গোলমুখে শট, কর্নার সবকিছুতেই সিটি এগিয়ে ছিল। তথাপি কাঙ্ক্ষিত গোলের জন্য তাদের ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত সেই অচলায়তন ভেঙেছেন সিটির বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। 

আরও পড়ুন : চলে গেলেন সুরের জাদুকর সুবীর নন্দী

ইতিহাদ স্টেডিয়ামে সিটির সমর্থকদের জন্য ম্যাচের বেশিরভাগ সময়ই ছিল শ্বাসরুদ্ধকর। কারণ এই ম্যাচে পয়েন্ট হারালে শিরোপা দৌড়ে একরকম সিটকেই পড়তো দলটি। এমন সময়ে ত্রাতা হয়ে আসেন কোম্পানি। খেলার ৭০ মিনিটে ৩০ গজ দূরত্বে বল পেয়ে যান তিনি। একটু এগিয়ে আচমকা বুলেট গতির শট নেন গোলমুখে। ক্রসবার ঘেঁষে ডান কোনা দিয়ে বল জাল ভেদ করে। বাকি সময়ে এই লেস্টার সিটি গোল শোধ করতে না পারায় পূর্ণ পয়েন্ট নিয়ে স্বস্তিতেই মাঠ ছাড়ে ম্যানসিটি।  

শেষ ম্যাচের আগে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি। অপরদিকে এক পয়েন্ট কম নিয়ে তাদের পেছনে লিভারপুল। এখন শ্বাসরুদ্ধকর শেষ ম্যাচটির উপর নির্ভর করছে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হাসি হাসবে কোন দল। সে জন্য অপেক্ষা করতে হচ্ছে আগামী ১২ মে পর্যন্ত। 

ইত্তেফাক/কেআই