ফুরিয়ে যাননি দ্রগবা
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ২২:০২
নিজে গোল পেয়েছেন, দলও জিতেছে, তারপরও সেমিতে খেলা হলো না দিদিয়ের দ্রগবার। গত মঙ্গলবার আইভোরি কোস্টের এই তারকা ফরোয়ার্ডের গোলেই নিজেদের মাঠে জয় পেয়েছে গ্যালাতাসারে। আর এই গোলের মাধ্যমেই ফুটবল বিশ্ব আরেকবার জানিয়ে দিলো যে তিনি ফুরিয়ে যাননি। গত মৌসুমে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে, আর চেলসির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দ্রগবার ভূমিকাই ছিল মুখ্য। মৌসুম শেষে চীনের সাংহাই শিনহুয়া হয়ে যোগ দেন তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে। ৩৫ বছর বয়সী দ্রগবার ক্যারিয়ার প্রায় শেষের দিকে, এমনটা ভাবাই স্বাভাবিক। কিন্তু মাঠে নিজের পারফরম্যান্স দিয়েই নিজেকে বার বার প্রমাণ করে যাচ্ছেন তিনি। দ্রগবার সাহায্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে শালকে কে হারিয়ে দেয় তুরস্কের দলটি। দ্রগবা বিশ্বাস করেন, তিনি কিছু করে দেখাতে পেরেছেন এবং এখনই শেষ নয় সবকিছুর। তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ আগে মানুষ আমাকে বলেছিল ‘বিদায়’। আমি ফিরতে পেরে গর্বিত।’ চ্যাম্পিয়ন্স লিগ যাত্রার সমাপ্তি ঘটলেও শেষ দ্রগবার মনোযোগ এখন তুরস্কের লিগে। গ্যালাতাসারে এখন সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।