সুপার-ফাস্ট ব্রডব্যান্ড সম্প্রসারিত করছে গুগল

কানসাসের পর এবারে টেক্সাসের অস্টিনে নিজেদের সুপার-ফাস্ট ব্রডব্যান্ড লাইন সম্প্রসারণ করছে গুগল। এতদিন পর্যন্ত টেক জায়ান্ট গুগল’র এই নেটওয়ার্ক কেবল কানসাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেকেন্ডে এক গিগাবিট গতির এই ব্রডব্যান্ড সংযোগের জন্য কানসাসের ব্যবহারকারীদের গুণতে হয় মাসে মাত্র ৭০ ডলার। সেখানে সফলভাবে এই সংযোগ প্রদানের পর গত ডিসেম্বরেই গুগল ঘোষণা দেয় এই নেটওয়ার্ককে অন্য শহরেও সম্প্রসারিত করার। এরই ধারাবাহিকতায় টেক্সাসের অস্টিন যুক্ত হচ্ছে এই উচ্চগতির ইন্টারনেট সংযোগের সাথে। ইতোমধ্যেই অস্টিনে এই সংযোগের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে গুগল। তারা আশা করছে, আগামী বছরের জুনের মধ্যেই এই নেটওয়ার্ক তৈরির কাজ শেষ করতে পারবে তারা। কানসাসের সমমূল্যেই অস্টিনের গ্রাহকরা এই ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করতে পারবেন। তবে এখানকার গ্রাহকদের জন্য গুগল ১ টেরাবাইট গুগল ড্রাইভের প্যাকেজও নিয়ে আসবে বলে জানিয়েছে।