ই-কমার্সের বই ‘মাস্টারিং ই-কমার্স’
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ১৮:৩৬
ই-কমার্স নিয়ে আগ্রহীদের জন্য প্রকাশিত হয়েছে মোজাহেদুল ইসলাম ঢেউ রচিত বই ‘মাস্টারিং ই-কমার্স: জুমলা!, ওএস কমার্স, ভার্চুমার্ট ও মেজেন্টো’। ই-কমার্সনির্ভর ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন ওয়েবসাইট তৈরি করা। আর তার জন্য সবচেয়ে উপযোগী হতে পারে বিশ্বের সেরা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জুমলা!। লেখক এই বইটিতে জুমলা!’র মাধ্যমে কী করে একটি কার্যকরী ওয়েবসাইট তৈরি করা যায়, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন অত্যন্ত প্রাঞ্জল ভাষায়। ওয়েবসাইট তৈরির পর প্রয়োজন হবে তাতে ই-কমার্সের সুবিধা যুক্ত করার কাজ, অর্থাত্ পণ্য, দাম, অফার, পেমেন্ট, শিপমেন্ট ইত্যাদি ফিচার যুক্ত করার কাজ। এই কাজগুলো করার জন্য লেখক বেছে নিয়েছেন বিনামূল্যের ই-কমার্স অ্যাপ্লিকেশন ভার্চুমার্ট, ওএস কমার্স এবং মেজেন্টো। প্রতিটি অ্যাপ্লিকেশনের কাজই লেখক বইটিতে ধাপে ধাপে বর্ণনা করেছেন, যা একজন নতুন ব্যবহারকারীর জন্যও সহজবোধ্য হবে। রয়েছে অসংখ্য দেশি-বিদেশি সাইটের উদাহরণ। বাড়তি তথ্য হিসেবে সংযোজিত হয়েছে বাংলাদেশে পেমেন্ট সিস্টেম প্রদানকারীদের তথ্য। একটি সিডিসহ সিসটেক পাবলিকেশন্সের ৪১৬ পৃষ্ঠার বইটির মূল্য ৩০০ টাকা। ফোন: ৭১১২৫০৬, ০১৭১৪১৮৪৮৪৫।