ফেড কাপে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভেনাস-সেরেনা
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২০:৫৮
সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামসই মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেড কাপ টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন। আগামী ২০-২১ তারিখে সুইডেনের ডিলরে টেনিস সেন্টারে স্বাগতিক দেশটির মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। গত বুধবার যুক্তরাষ্ট্র তাদের ফেড কাপ দল ঘোষণা করে।
এই ম্যাচে বিজয়ী দল ২০১৪ সালে মহিলাদের জন্য সবচেয়ে বড় দলগত টুর্নামেন্টটির মূল আসরে খেলবে এবং শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আর যে দল হারবে তারা অবনমিত হয়ে চলে যাবে আরেকটি গ্রুপে। যেটি দুই নম্বর ‘ওয়ার্ল্ড গ্রুপ’ নামে পরিচিত।
উইলিয়ামস বোনদের পাশাপাশি ফেড কাপে রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনাকে পরাজিত করা স্লোয়ান স্টিফেন্স এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৭তম অবস্থানে থাকা ভারভারা লেপচেঙ্কো।
অন্যদিকে সুইডেনের দলটি গঠন করা হয়েছে সোফিয়া আরভিডসন, জোহান্না লারসন, হিল্ডা মেলানডার এবং সান্দ্রা রোমাকে নিয়ে। র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান যথাক্রমে ৫৪,৬৫,৪২৫ এবং ৪৮৯।
সুইডেনের বিরুদ্ধে নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবেই কোর্টে নামবে যুক্তরাষ্ট্র। দলের মূল ভরসা উইলিয়ামস বোনদের ফেড কাপ ইতিহাসও কথা বলছে তাদের পক্ষেই। ফেড কাপে এখনো পর্যন্ত আটটি একক ম্যাচ খেলে সেরেনা জিতেছেন সবকটিই। তিনটি দ্বৈত ম্যাচেও শতভাগ জয়ের রেকর্ড রয়েছে তার। অন্যদিকে ভেনাস ১৬টি একক ম্যাচে কোর্টে নেমে দুটিতে মাত্র হেরেছেন। আর ছয়টি দ্বৈত ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছেন।