মৌসুম শেষেই সিদ্ধান্ত নেবেন মরিনহো
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২১:০০
পর্তুগাল থেকে ইংল্যান্ড হয়ে ইতালি; এরপর স্পেন! কিন্তু এর পর কোথায় যাবেন হোসে মরিনহো? এমনটা এখন গোটা ফুটবল বিশ্বেরই প্রশ্ন। তবে, নিজের ভবিষ্যতের ব্যাপারে এখনই খোলাখুলি করে কিছু জানাননি রিয়াল মাদ্রিদের এই পতুগীজ কোচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর তিনি জানান চলতি মৌসুম শেষ হওয়ার পর তিনি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজের সাথে ভবিষ্যত্ নিয়ে আলোচনায় বসবেন। মরিনহো ২০১৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে মরিনহো নতুন চ্যালেঞ্জের জন্য অন্য কোথাও যাবেন। সাবেক ক্লাব চেলসিতেই যে পর্তুগীজ এই কোচ যাবেন এই গুঞ্জনটি বেশ জোরালো। ২০০৭ সালে চেলসি ছাড়ার পর মরিনহো ইন্টার মিলানে গিয়েছিলেন। ইতালির দলটির হয়ে ট্রেবল জয়ের পর স্পেনে পাড়ি জমান মরিনহো।