৪১ কেজিতে ১ মণ

দেশের প্রচলিত ওজন পরিমাপের নিয়ম অনুযায়ী ৪০ কেজিতে এক মণ। কিন্তু নাটোরের সিংড়া উপজেলার ধান ব্যবসায়ীরা ওজনের এই পরিমাপ মানছেন না। তারা কৃষকের কাছ থেকে এক মণে ৪১ কেজি ধান আদায় করছেন। মণ প্রতি এক কেজি ধান বেশি আদায়ে ক্ষুব্ধ উপজেলার কৃষক। 

জানা গেছে, সিংড়া ধানের হাট, উপজেলার বিলদহর ধানের হাটসহ উপজেলা ব্যাপী এভাবে কৃষকদের জিম্মি করে ধান কিনছে কিছু অসাধু ব্যবসায়ী। সপ্তাহে দুই দিন এসব হাটে হাজার হাজার মণ ধান বেচাকেনা হয়। এ সুযোগে ব্যবসায়ী চক্রটি কৃষকদের জিম্মি করে অতিরিক্ত ধান হাতিয়ে নিলেও বিষয়টি কারও নজরে আসছে না। 

উপজেলার কালিনগর গ্রামের কৃষক আতাউর রহমান জানান, ব্যবসায়ীরা ডিজিটাল ওয়েট মেশিনে ওজন দিয়ে ৪০ কেজির জায়গায় ৪১ কেজিতে মণ হিসেবে ধান কিনছে। এতে করে কৃষকরা প্রতারিত হচ্ছেন।

আরও পড়ুন: ‘এটা ঠিকাদারের দোষ না, পানির চাপে ভেঙ্গে গেছে’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অনি