হারারে পৌঁছেছে বাংলাদেশ দল
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২১:২৭
প্রায় চব্বিশ ঘন্টা ভ্রমণ শেষে অবশেষে জিম্বাবুয়ে হারারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গত বৃহস্পতিবার রাতে মুশফিকুর রহিমরা হারারে পৌঁছে গতকাল শুক্রবার থেকে অনুশীলনও শুরু করেছে তারা। হরতালের কারণে শ্রীলংকা থেকে ফিরেও দেশের মাটিতে কোন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগতভাবে অনেকে অনুশীলন করলেও দলগতভাবে কোচ শন জার্গুসেনের অধীনে অনুশীলন হয়নি। তবে প্রথম টেস্ট শুরুর আগে জাতীয় দল সেখানকার কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর জন্য চারদিন অনুশীলন করার সুযোগ পাবে।
১৭ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম টেস্টের আগে অনুশীলন ছাড়া কোন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৩ মে দেশে ফিরবে মুশফিকরা। উল্লেখ্য, হারারের স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে দুটি টেস্ট।