লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অন্যতম ব্যবসায় কেন্দ্র হায়দরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২টার সময় খাবার হোটেলের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। আগুনে তিনটি ইলেক্ট্রনিক্সের দোকান, তিনটি মুদি দোকান, দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান দুটি গোডাউন, সেলুন ও টেইলার্সসহ ১৬টি দোকান পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হন তিনজন।
স্থানীয়রা জানান, বেলা দুইটার হায়দরগঞ্জ বাজারের বিল্লালের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ১৬টি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন তিনজন।আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রায়পুর উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিকের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ দিকে, আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি তাৎক্ষণিক সমবেদনা জানিয়েছেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও সংরক্ষিত মহিলা এম পি সেলিনা হোসেন। পুলিশের সার্কেল এসপি (মহিলা) স্পিনা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইত্তেফাক/কেকে