ডিআইইউতে সফটওয়্যার টেস্টিংয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দক্ষ সফটওয়্যার টেস্টার ইঞ্জিনিয়ারদের জন্য দেশে এবং দেশের বাইরের চাকরির বাজারে সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর যৌথ উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির টেস্টিং বোর্ডের সদস্য সোগেটি জার্মানির ম্যানেজিং কনসাল্টেন্ট ড. ম্যাথিয়াস হাম্বার্গ। এ বিষয়ে বিশ্বব্যাপী চাকরির বাজারে চাহিদা, সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত দক্ষতা, এ বিষয়ে ভালো করতে প্রয়োজনীয় নির্দেশনা, এ বিষয়ের কোর্সগুলোর বিষয়াবলী প্রভৃতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ’র উপাচার্য ও বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের সভাপতি প্রফেসর ড. এম লুত্ফর রহমান। বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের সাধারণ সম্পাদক এবং ডিআইআইটি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে ডিআইইউ ও ডিআইআইটি’র সংশ্লিষ্ট বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।