টুইটারে আসছে গানের অ্যাপ্লিকেশন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ১৮:৫৯
মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টুইটারে এবার যুক্ত হতে যাচ্ছে গানের অ্যাপ্লিকেশন। এমনিতে টুইট শেয়ার ছাড়াও ছবি এবং ভিডিও শেয়ারিংয়ে টুইটারে রয়েছে অ্যাপ্লিকেশন। গানের অ্যাপ্লিকেশন যুক্ত হলে এবারে টুইটার ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গান টুইটারের মাধ্যমেই শেয়ার করতে পারবে এবং অন্যদের শুনতেও উত্সাহিত করতে পারবে। গানের এই অ্যাপ্লিকেশন চালু করতেই সম্প্রতি টুইটার কিনে নিয়েছে ‘উই আর হান্টেড’ নামক একটি মিউজিক ডিসকভারি ওয়েবসাইট। তারা নিজেদের ওয়েবসাইটেও টুইটারের সাথে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। music.twitter.com ঠিকানায় ইতোমধ্যেই টুইটারের মিউজিক নিয়ে আয়োজনে যুক্ত হওয়ার আহ্বান করা হচ্ছে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের খবরে জানানো হয়েছে, আগামী শুক্রবারে সম্ভবত নতুন এই সার্ভিস নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে টুইটার। তার আগ পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হবে।