বৃহত্তম স্মার্টফোন গ্যালাক্সি মেগা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ১৮:৫৯
গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন দিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের বড় একটি অংশ দখল করে রেখেছে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়তাতেও রয়েছে বেশ এগিয়ে। এবার এই সিরিজে যুক্ত হলো বিশ্বের বৃহত্তম স্মার্টফোনটি। আর এর নাম রাখা হয়েছে গ্যালাক্সি মেগা। বৃহত্তম এই স্মার্টফোনের ডিসপ্লে’র আকৃতি ৬.৩ ইঞ্চি! ভিডিও দেখা কিংবা একইসাথে দুইটি অ্যাপ্লিকেশন চালানোর জন্য এই ৬.৩ ইঞ্চির ডিসপ্লে আদর্শ হবে বলেই মনে করছে স্যামসাং। তবে বিশেষজ্ঞদের ধারণা, স্মার্টফোন আর ট্যাবলেট পিসির সমন্বিত ডিভাইস হিসেবে ফ্যাবলেটজাতীয় ডিভাইস জনপ্রিয় করার চেষ্টার অংশ হিসেবেই গ্যালাক্সি মেগার আবির্ভাব। স্যামসাং জানিয়েছে, মেগাতে প্রসেসর হিসেবে রয়েছে ১.৭ গিগাহার্জ গতির ডুয়াল কোর প্রসেসর। জেলি বিন চালিত এই ফোনে থাকছে ১.৫ গিগাবাইট র্যাম। আর ৮ ও ১৬ জিবি বিল্ট-ইন স্টোরেজের পাশাপাশি ৬৪ জিবি পর্যন্ত মেমোরি সমর্থন থাকবে মেগাতে। ১৯৯ গ্রাম ওজনের ফোনটি অনায়াসেই বহন করতে পারবেন ব্যবহারকারীরা। এর মূল্য সম্পর্কে অবশ্য এখনও মুখ খুলেনি স্যামসাং।