বাংলাদেশ গেমস ২০১৩
তবু অ্যাথলেটিক্স ও সুইমিং হবে ‘হ্যান্ড টাইমিংয়ে’
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২১:২২
অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য আট কোটি টাকার ব্যবস্থা করা গেলেও দেশীয় ক্রীড়াঙ্গনের এই অলিম্পিকে সমপ্রতিযোগিতার অন্যতম আকর্ষণ অ্যাথলেটিকসে থাকছে না ইলেক্ট্রনিক টাইমিং। এমনকি এই সুবিধা থাকছে না আরেক আকর্ষণীয় ইভেন্ট সুইমিংয়ে। সেখানেও ফলাফল নির্ধারিত হবে ‘হ্যান্ড টাইমিংয়ে’।
গেমসের আসল উপলক্ষ খেলোয়াড়দের মান যাচাইয়ের সুযোগ-সুবিধাগুলো না রেখে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) উদ্বোধনী অনুষ্ঠানকেই দৃশ্যত বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে উদ্বোধনী অনুষ্ঠানেই বড় অংকের অর্থ ব্যয় হচ্ছে। অপরদিকে ‘ইলেক্ট্রনিক টাইমিং’ সম্পর্কে বিওএ’র কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত সময় এবং অর্থ না থাকায় এর ব্যবস্থা করা যায়নি।
বিওএ বলছে, এখন সুইমিং এবং অ্যাথলেটিকসের জন্য ইলেক্ট্রনিক টাইমিং সুবিধা দেয়া সম্ভব নয়। অন্যদিকে অ্যাথলেটিকস ফেডারেশনের দাবি তারা ইলেক্ট্রনিক টাইমিং সুবিধা নিশ্চিত করছেন। অ্যাথলেটরা ইলেক্ট্রনিক টাইমিংয়ে খেলবেন। তাহলে কি ফেডারশেন আর বিওএ’র মধ্যে সমন্বয়ের অভাব আছে? বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু এ ব্যাপারে বলেন, এগুলো অনেক টাকার এবং সময়ের ব্যাপার। এ প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের বক্তব্য জানানো হলে তিনি বলেন, দেখুন তারা (অ্যাথলেটিকস ফেডারেশন) যদি পারে করবে।
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘মিয়াভাই বিওএ’র কর্মকর্তা কে কি বলল তা আমি জানি না। আমার অ্যাথলেটিকস হবে ইলেক্ট্রনিক টাইমিংয়ে। আপনারা এসে দেখে যান। সিস্টেম স্থাপনের কাজ শুরু হয়েছে।’
চেঙ্গিসের কথা সত্যি হলে তা হবে অ্যাথলেটদের জন্য ভালো খবর। তবে সাঁতারুরা ‘হ্যান্ড টাইমিংয়েই’ লড়বেন। মাত্র ২৪ লাখ টাকার জন্য ইলেক্ট্রনিক স্কোর বোর্ড স্থাপন করা যাচ্ছে না সুইমিংপুলে। বিওএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দাবি এটা অনেক টাকার ব্যাপার। সেইসাথে সময়েরও ব্যাপার রয়েছে।
জানা গেছে, এবারের বাংলাদেশ গেমসের ব্যয় বিশ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর মধ্যে উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানের জন্যই বরাদ্দ আট কোটি। চাইলে এখান থেকে বাজেট কমিয়ে মান্ধাতা আমলের ‘হ্যান্ড টাইমিংয়ের’ হাত থেকে রক্ষা পাওয়া যেত। এ প্রসঙ্গে জানতে চাইলে বিওএ’র কর্মকর্তা মিকুর যুক্তি, ‘যারা অর্থ দেয় তাদের কিছু অনুরোধ রাখতে হয়।’ কী অনুরোধ সেটা বলেননি তিনি। শুধু জানান দেন-‘আট কোটি টাকার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যয় কমানোর চেষ্টা করছি আমরা।’