আগামি ফেব্রুয়ারিতে ঢাকায় এশিয়া কাপ!
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২১:২২
আবারো এশিয়া কাপের স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ। গত বছর সফল আয়োজনের পর ২০১৪ সালের এশিয়া কাপ ফের আয়োজন করবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফেব্রুয়ারিতে এশিয়া কাপের আসর বসবে ঢাকায়।
বাংলাদেশ ১৯৮৮, ২০০০ এবং ২০১২- এর পর চতুর্থবারের মতো আয়োজক হতে যাচ্ছে । তবে এখনি সবকিছু চূড়ান্ত হয়েছে এমনটা বলতে চাচ্ছেন না বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘এশিয়া কাপের পরবর্তী আসর বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো কোনকিছু চূড়ান্ত হয়নি’।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এশিয়া কাপের আসর ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু তারা কোন কারণে আয়োজক হচ্ছে না বলে জানা গেছে। তাই আমি বলবো, বাংলাদেশে এশিয়া কাপের আসর হওয়ার সুযোগ শতকরা ৯৫ ভাগ। বোর্ড সভাপতিও নিজে অনেক বেশি আত্মবিশ্বাসী। এখন এসিসি চূড়ান্ত করলেই আমরা নিশ্চিত হতে পারবো’।
হঠাত্ করে ভারত কেন আয়োজক হচ্ছে না তা অবশ্য জানতে পারেনি বিসিবি। তবে এশিয়া কাপের আয়োজক হতে পারলে বিসিবিরই লাভ হবে বলে মত দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এডহক কমিটির এক সদস্য। তিনি বলেন, ‘গত এশিয়া কাপে ভারত ও শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশ ফাইনাল খেলেছে। দর্শকরাও এশিয়া কাপ উপভোগ করেছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ সফল আয়োজক হিসেবে পরিচিতি পেয়েছে। তাই আমরা যদি আরো একটি এশিয়া কাপ আয়োজন করতে পারি তাহলে আর্থিক দিক থেকে যেমন লাভবান হবো, তেমনি ক্রিকেটীয় দিক থেকেও আমরা উপকৃত হবো’। গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র দুই রানে হেরেছিল বাংলাদেশ। ২০১২ সালে বারো বছর পর এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। আয়োজনগত এবং মাঠের সাফল্য মিলিয়ে অন্য আসরগুলোর চাইতে ব্যাপক সাফল্য পেয়েছিল বিসিবি।