মেসিকে ছাড়াই আজ মাঠে নামছে বার্সা

বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াই আজ রবিবার লা লিগায় স্বাগতিক রিয়াল জারাগোজার মুখোমুখি হবে বার্সেলোনা। শুধু তাই নয় স্পেনের আন্তর্জাতিক দলের আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস এবং জর্দি রৌরাও জারাগোজা সফরে নেই। হ্যামস্ট্রিং ইনজুরি সত্ত্বেও মেসি গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে শেষ ৩০ মিনিট খেলেছেন। প্যারিসের ক্লাবটির বিপক্ষে মেসি যখন খেলেছেন ইনজুরি আর সমস্যা করেনি। আশা করা হচ্ছে তিনি বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেন। সে পর্যন্ত বিশ্রামে থাকবেন আর্জেন্টিনার আন্তর্জাতিক এই খেলোয়াড়। বুসকেটসও ইনজুরির জন্য দলে থাকছেন না। তবে ইনিয়েস্তা ও আলবা খেলছেন না এটা ক্লাবের সিদ্ধান্ত। বিশ্রামে রাখা হয়েছে এই দু’জনকে। তবে সুখবর হচ্ছে আদ্রিয়ানো গতকাল শনিবারের অনুশীলনে ফিরেছেন। তিনি জারাগোজা ম্যাচের জন্য নির্বাচিত ১৮ জনের দলে থাকবেন আশা করা হচ্ছে। বার্সেলোনার সহকারী ম্যানেজার জর্দি রৌরা আশা করছেন মেসি জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াইয়ের আগেই শতভাগ সুস্থ হয়ে যেতে পারবেন। আর নয়দিন পরেই লড়াই। এমনটা আশা করা অমূলক কিছু নয়। রৌরা গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দেখছি মেসির ইনজুরি পরিস্থিতির কতটা উন্নতি হচ্ছে। সৌভাগ্যবশত তেমন ভয়াবহ ইনজুরি নয়। আমরা আশা করি যে সে ২৩ এপ্রিল এর মধ্যে পূর্ণ ফিটনেস নিয়ে ফিরতে পারবে।’ এদিকে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ স্বাগতিক অ্যাটলেটিক বিলবাওয়ের মোকাবেলা করবে। অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে খেলবে গ্রানাডার বিপক্ষে। ৩০ খেলা শেষে বার্সেলোনা ৭৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ১৩ পয়েন্ট পেছনে রয়েছে দ্বিতীয়স্থানে থাকা মাদ্রিদ। মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো তৃতীয়স্থানে রয়েছে ৬২ পয়েন্ট নিয়ে। পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে রিয়াল সোসিদাদ ৫১ পয়েন্ট নিয়ে। দলটি আজ লড়বে রায়ো ভায়েকানোর বিপক্ষে।