দ্বিতীয় ওয়ানডে ম্যাচও হারল সম্মিলিত স্কুল দল
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৩১
প্রথম তিনদিনের ম্যাচের পর টানা দুটি ওয়ানডে ম্যাচ হেরে গেল বাংলাদেশ সম্মিলিত স্কুল দল অনূর্ধ্ব-১৬। গতকাল শনিবার সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কেরালা একাডেমি অনূর্ধ্ব-১৬ দলের ওপেনার সুরেশ সুবিনের সেঞ্চুরিতে স্বাগতিকদের তারা ৮১ রানের ব্যবধানে হারায়। সিরিজের আরো একটি তিনদিনের ম্যাচ এবং একটি ওয়ানডে ম্যাচ রয়েছে। আগামী ১৬ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় তিনদিনের ম্যাচ। ২০ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিও অনুষ্ঠিত হবে মিরপুরে।
সুরেশের সেঞ্চুরিতে কেরালা দল ২৭২ রান তোলে। কাজী অনিক ইসলাম দুটি উইকেট নেন। জবাব দিতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় সম্মিলিত স্কুল দল ৪৩ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ করেন জাকির হোসেন (৬৩)। এছাড়া পিনাক ঘোষ ৩৬ ও শফিউল হায়াত রিদয় ২৯ রান করেন।