ভিন্ন ধারার উপস্থাপক কিরণ ও মুনমুন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৩৮
বিনোদনমূলক রিয়েলিটি অনুষ্ঠানের বাইরে শিক্ষণীয় রিয়েলিটি শো নিয়ে বাংলাদেশে দু’জন উপস্থাপকই নিয়মিত কাজ করছেন। একজন বিতর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন অপরজন ইংরেজি শিক্ষা ও বিতর্ক অনুষ্ঠানের উপস্থাপক মুনমুন। তবে দুজনই মনে করেন সস্তা বিনোদনের প্রতিযোগিতার অনুষ্ঠানের পাশাপাশি স্যাটেলাইট চ্যানেলে এ ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের সংখ্যা আরো বাড়ানো উচিত। হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, ‘এটিএন বাংলায় আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিক্যুয়েলে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করছি। অথচ এ ধরনের অনুষ্ঠান আমি মনে করি প্রত্যেক চ্যানেলেই তাদের নিজস্ব দায়বদ্ধতা থেকেই শুরু হওয়া উচিত। এছাড়া আমাদের এই ভিন্ন পথের উপস্থাপকের সংখ্যাও বাংলাদেশে একেবারে কম।’
মুনমুন বলেন, স্পেলিং বি ও বিবিসি জানালার বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা করে এটুকু বুঝেছি বিনোদনের চেয়ে তরুণরা এ ধরনের অনুষ্ঠান আরো বেশি আগ্রহ নিয়ে দেখে থাকেন। বিটিভি ও চ্যানেল আইতে এই দুটি অনুষ্ঠান প্রচার হয়েছে। আমি মনে করি এই ধরনের রিয়েলিটি বা ম্যাগাজিন অনুষ্ঠানে চ্যানেলগুলোর আরো বেশি পৃষ্ঠপোষকতা দিলে তাতে দর্শকদের আগ্রহ আরো বাড়বে।