সৃজনশীল মেধা অন্বেষণ জাতীয় প্রতিযোগিতা শুরু
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৪১
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সেরা মেধাবীরাই তাদের সৃজনী প্রতিভার মাধ্যমে আগামীতে দেশ চালাবে এবং বিশ্বব্যাপী নিজেদের স্থান করে নেবে। এদের থেকেই বেরিয়ে আসবে বিশ্বসেরা শিক্ষক, সাহিত্যিক, আইটি বিশেষজ্ঞ, বিজ্ঞানী, গণিতবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদসহ নানা পেশাজীবী।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে শনিবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৩ জাতীয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশে এই প্রথম সরকারিভাবে মেধা অন্বেষণে বৃহত্ পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হল।
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার প্রচারণা কমিটির আহ্বায়ক (যুগ্ম সচিব) এ এস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, বিচারক প্রতিনিধি ডা: সরোয়ার আলী, রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মো: মোসলেহ উদ্দিন ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে চাই। এজন্য আমাদের দরকার দক্ষ ও যোগ্য শক্তি। আর তা হলো নতুন প্রজন্ম। শিক্ষা মন্ত্রণালয় এই প্রথমবারের মতো দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তার বিকাশ সাধনের লক্ষ্যে জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩ উদ্যোগ নিয়েছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা শেষ হয়েছে। বিভিন্ন পর্যায়ে প্রায় সাত হাজার সেরা মেধাবীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় মাঠ পর্যায় থেকে উঠে আসা ৯৬ জন প্রতিযোগী ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিচারক হিসাবে তাদের মেধা যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা ১২ জনকে নির্বাচিত করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ এপ্রিল ঐ ১২ জনের প্রত্যেককে এক লাখ টাকা করে নগদ পুরস্কারসহ সনদপত্র প্রদান করবেন।