ডিনেট-এর যুগপূর্তিতে প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী

চলতি বছরেই পথচলার এক যুগ পূর্ণ করেছে সামাজিক উদ্যোগ সংস্থা ডিনেট। এই সময়ে তারা সামাজিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করলেও, ডিনেট মূলত স্বাস্থ্য, শিক্ষা, জীবন-জীবিকা এবং সামাজিক দায়বদ্ধতা—এই চারটি ক্ষেত্রে কাজ করে থাকে। সরকার এবং অন্যান্য অংশীদারী প্রতিষ্ঠান যেমন ডিনেট-এর উদ্ভাবিত বিভিন্ন উদ্যোগ সম্প্রসারণ করেছে, অনুসরণ করেছে; সেই সাথে ডিনেটও নতুন ধারণা সম্পন্ন আভ্যন্তরীণ প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করছে। ডিনেট তার এক যুগ প্রতিষ্ঠা উপলক্ষে তথ্য ও প্রযুক্তিভিত্তিক বাংলাদেশের সফল ও গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো নিয়ে ১৪ থেকে ১৬ এপ্রিল তিন দিনব্যাপী ঢাকার ধানমন্ডিস্থ দৃক গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। এ প্রদর্শনীতে এম-পাওয়ার, বিডিজবস, রকমারি ডট কম, বিবিসি জানালা, চ্যাম্পস টুয়েন্টি ওয়ান, ক্লিক বিডি, নকিয়া অ্যাপ সেন্টার, লেমন টুয়েন্টিফোর-সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পাশাপাশি ডিনেট-এর যুগপূর্তি উত্সবও চলছে। ১৪ এপ্রিল এ উত্সব উদ্বোধন করেন শিক্ষা ও তথ্যপ্রযুক্তিবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।