স্টাইলশপ

দেশি প্রবর্তনা

দেশীয় পণ্যকে সাধারণ ভোক্তাদের সামনে তুলে ধরতে প্রবর্তনার দৃঢ় প্রত্যয় যাত্রার শুরু থেকেই। দেশের আবহমান সংস্কৃতিকে নাগরিক জীবনে তুলে আনতে নিরলসভাবে দুই যুগেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে প্রবর্তনা। দেশের নানা প্রান্তের নানা ধরনের ব্যবহার্য জিনিসকে এনে পণ্যের পসরা সাজানো হয়েছে মোহাম্মদপুরের ৬/৮ নং বাড়ির ২য় তলায় স্যার সৈয়দ আহমদ রোডের ২৫০০ স্কয়ার ফিটের সুপরিসর জায়গায়। প্রবর্তনাতে যা-ই বিক্রির জন্য রাখা হয়েছে তার শতভাগ দেশীয় উপাদানের আর মানের সুনিশ্চয়তা রয়েছে। নিজেকে বাঙালিয়ানায় সাজাতে আপনি পাবেন তাঁতের শাড়ি, গামছা, লুঙ্গি, নকশীকাঁথা, ছেলেদের নানা ডিজাইনের জামা, পাঞ্জাবি, ফতুয়া; মেয়েদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের থ্রি-পিস, ফতুয়া। এ ছাড়াও রয়েছে পার্বত্য তিন জেলা থেকে নিজস্ব তত্ত্বাবধানে উত্পাদিত নানা ডিজাইন আর রঙের বাহারি থান কাপড়ের বিশাল সমাহার। প্রবর্তনার তাঁতের শাড়িগুলো আনা হয় টাঙ্গাইল, গাজীপুরের কোনাবাড়ী থেকে। আর বেনারসি এবং জামদানির শাড়ির সামাহারেও রয়েছে বৈচিত্র্য। শুধু পোশাকেই নয়, নিজেকে সাজতে এবং গোছাতেও রয়েছে প্রবর্তনার নানান আয়োজন। নানা রকমের গয়না, চুড়ি, রূপচর্চার মানসম্পন্ন জিনিসপত্র পাওয়া যায়। এখানে পাবেন নানা রকমের ব্যাগ, শীতলপাটিসহ প্রভৃতি জিনিসপত্র। প্রবর্তনা শুধু ফ্যাশন সচেতনতার নিরিখেই কাজ করে না, নারী লেখকদের উদ্বুদ্ধ করতে রয়েছে নারী গ্রন্থ প্রবর্তনা আর কৃষক থেকে উত্পাদিত ফসল সরাসরি আহরণ করে নিয়ে আসার জন্য প্রতিষ্ঠিত হয়েছে শস্য প্রবর্তনা। নারী গ্রন্থ প্রবর্তনার মূল উদ্দেশ্য হলো দেশের উদীয়মান নারী লেখকদের গ্রন্থ প্রকাশে সহায়তা করা; এ ছাড়াও গবেষণাধর্মী কাজে রয়েছে নিবেদিতপ্রাণ কিছু কর্মী। অন্য দিকে শস্য প্রবর্তনাতে আপনি পাবেন ঢেঁকি ছাটা চাল, ডাল, মুড়ি, খৈ, মধু, ঘি, আচার প্রভৃতি। আর এ সব খাবারে আপনি পাবেন নির্ভেজালের নিশ্চয়তা। প্রবর্তনা শুধু পোশাক-পরিচ্ছদ উত্পাদনেই সম্পৃক্ত নয়; এর সাথে দেশীয় পোশাক উপত্পাদনকর্মী, প্রত্যন্ত অঞ্চলের তাঁতী, ডিজাইনদেরও নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। দেশীয় পোশাকসহ দেশপ্রেমের চেতনাকে জনমানুষের সামনে তুলে ধরতে প্রবর্তনার অগ্রযাত্রা অব্যাহত থাকুক কাল থেকে কালান্তরে।