টুঙ্গিপাড়ায় দু’ গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ২৫
গোপালগঞ্জ প্রতিনিধি ও টুঙ্গিপাড়া সংবাদদাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইরি ক্ষেতের আইল নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপের ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামের কৃষক আসাদ শেখ ও কুদ্দুছ শেখের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ১২ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ হাবিবুল্ল¬াহ সরকার জানান, রবিবার সন্ধ্যায় আসাদ শেখ তার জমিতে আইল দেয়। ফলে পার্শ্ববর্তী কুদ্দুছ শেখের ইরির জমিতে সেচের পানি যাওয়া বন্ধ হয়ে যায়। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টুঙ্গিপাড়ায় টেম্পো উল্টে নিহত ১
গোপালগঞ্জে টেম্পো উল্টে সত্তার শেখ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়। সোমবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার বেলতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সত্তার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের লাল মিয়া শেখের ছেলে।