ভাণ্ডারিয়ায় ছাত্রলীগের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন বেপারী। রবিবার রাতে ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৈশাখী মেলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মেলায় গাড়ী পার্কিং-এর অর্থ উত্তোলন নিয়ে উপজেলার ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীর সঙ্গে ওই নেতার বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে পিটিয়ে আহত করে। এতে জাকির হোসেন বেপারীর মাথা ফেটে যায়। তাকে প্রথমে ভাণ্ডারিয়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক এহসাম হাওলাদার জানান, ছাত্রলীগের কোন নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।