কলাপাড়ায় রাখাইনদের শ্মশান ভূমি দখলের অভিযোগ

কলাপাড়ায় নতুনপাড়া আদিবাসী রাখাইন পল্লীর শ্মশানের জায়গা দখল করে চারদিকে পিলার পুতে দেয়া হয়েছে। ভেঙ্গে দেয়ার চেষ্টা করা হয়েছে শ্মশানের টানানো সাইনবোর্ড। রাখাইনদের পূর্বপুরুষদের ব্যবহূত শ্মশানটির জমি দখল করাকে কেন্দ্র সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে। আর এর মূল সমস্যা সৃষ্টি করেছে ভূমি অফিসের একটি চক্র। শ্মশানসহ লাগোয়া জঙ্গল ও খালকে চাষের জমি দেখিয়ে জালাল ও রিনা নামের এক দম্পতিকে বন্দোবস্ত দেয়ায় এই সমস্যাটি এখন প্রকট আকার ধারণ করছে। রাখাইনদের পক্ষে বোথিসে মং অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে দেয়া একটি লিখিত অভিযোগে জানান, পূর্বপুরুষদের আমল থেকে মৃত ব্যক্তিদের সত্কার করে আসছেন তারা। বহু সমাধিস্থল রয়েছে সেখানে। পৌর এলাকায় বসবাস করা এক ব্যবসায়ীকে ভূমিহীন সাজিয়ে এই জমি লিজ দেয়া হয়েছে। এব্যাপারে সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান জানান, বিষয়টি তিনি সরেজমিন পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।