তালায় কলেজ ছাত্রীর আঙ্গুল কাটার আসামি গ্রেফতার হয়নি
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪৩
সাতক্ষীরার তালায় মাকে নির্যাতনে বাধা দেয়ায় প্রভাবশালী নেতার নেতৃত্বে সংখ্যালঘু এক কলেজ ছাত্রীর হাতের দু’টি আঙুল কেটে নেয়ার তিন সপ্তাহ পরও কোন আসামি আটক করতে পারেনি পুলিশ। বর্তমান ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তালা উপজেলার কুমিরা মহিলা কলেজের এইচএসসি প্রথমবর্ষের ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী কাটাখালি গ্রামের অসিত মল্লিকের কন্যা স্বপ্না মল্লিক জানান, তার কৃষক বাবার কাছ থেকে ছয় মাসের মধ্যে পরিশোধের শর্তে তিন বছর আগে পার্শ্ববর্তী মোকছেদপুর গ্রামের পরিমল দাস এক লাখ ৩৬ হাজার টাকা নেয়। পরিমল দাস তিন বছরেও ওই টাকা শোধ করেনি। গত ২২ মার্চ পরিমল দাস তার পাওয়ার টিলার নিয়ে পার্শ্ববর্তী বিশু দাসের জমি চাষ করতে আসে। একপর্যায়ে টাকা না দিয়ে পাওয়ার টিলার নিয়ে যাওয়া যাবে না বললে পরিমল দাস চলে যায়।
স্বপ্না মল্লি¬ক আরও জানায়, পরেরদিন সন্ধ্যায় উপজেলার হাজরাপাড়া গ্রামের বিএনপি নামধারী নেতা আলাউদ্দিন মোড়ল ১৪/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে আসে। আটককৃত পাওয়ার টিলার তার দোকান থেকে নেয়া ও এখনো কিস্তির টাকা বাকি আছে বলে তা ছেড়ে দিতে বলে। এতে রাজি না হওয়ায় পাওয়ার টিলারটি জোরপূর্বক নিয়ে যেতে চাইলে তার মা ছায়া রানী মল্লিক তাতে বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা তার মাকে মারপিট করতে থাকে। মাকে রক্ষায় এগিয়ে আসায় আলাউদ্দিন মোড়ল তার বাম হাতের তর্জনী ও মধ্যমা আঙুল দুটি চাইনিজ কুড়াল দিয়ে কেটে ফেলে উল্ল¬াস করতে থাকে। এ সময় সন্ত্রাসীরা তাদের বাড়ির লক্ষাধিক টাকার মালামাল ও পাওয়ার টিলারসহ তার গলার সোনার চেইন লুট করে নিয়ে যায়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।