বিএসএফের হাতে জীবননগরের গরু ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ভারতীয় অংশ হতে বিএসএফ বাংলাদেশি এক গরু ব্যবসায়িকে আটক করেছে। উপজেলা সীমান্তের হরিহরনগর গ্রামের বুলবুল ওরফে বুলের ছেলে জসিম উদ্দিন (১৬) অন্যদের সাথে গরু আনার জন্য রবিবার রাতে পুটিখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর জেলার কেষ্টগঞ্জ থানার ধরমপুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে। জানায়, আটকের পর ক্যাম্পে নিয়ে জসিমের ওপর অমানুসিক নির্যাতন করা হলে এক পর্যায়ে রাতেই তার গ্রামে খবর আসে জসিম মারা গেছে। কিন্তু গতকাল সোমবার সকালে আবার খবর আসে আটক জসিম বেঁচে আছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভারতীয় পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া করছে বিএসএফ। সোমবার বেলা ১১টার দিকে মেদিনীপুর বিজিবি ফাঁড়িতে যোগাযোগ করা হলে জসিমের আটকের কথা স্বীকার করে বলা হয় তার পরিবারের পক্ষ হতে এখনও পর্যন্ত যোগাযোগ না করায় কোন উদ্যোগ নিতে পারেনি বিজিবি। চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর খবির সরকার জানান, এখন পর্যন্ত তিনি এমন কোন ঘটনার সংবাদ পাননি। সংবাদ পেলে আটক বাংলাদেশিকে উদ্ধারের জন্য পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে পত্র প্রেরণ করা হবে।