জাপানে ২ জিবিপিএস গতির ইন্টারনেট দিচ্ছে সনি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:২৯
কানসাসের পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে গুগল তাদের ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। ১ জিবিপিএস গতির এই ইন্টারনেট সংযোগের জন্য তারা গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে ৭০ ডলার করে অর্থ গ্রহণ করবে। এতদিন পর্যন্ত গুগল ফাইবারের এই ব্রডব্যান্ড সংযোগকেই সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ বলে মনে করা হচ্ছিল। তবে সেই ধারণাকে পাল্টে দিয়ে এবারে জাপানে ২ জিবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করছে সনি। সেই হিসেবে বলা যায়, গুগল ফাইবারের তুলনায় দ্বিগুণ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করছে সনির এই সংযোগ। জাপানের টোকিও এবং আরও কয়েকটি শহরে একটি আইএসপি’র মাধ্যমে এই ২ জিবিপিএস গতির ইন্টারনেট সংযোগ প্রদান করছে জাপানের টেক জায়ান্ট সনি। এই সংযোগের জন্য অবশ্য তারা গুগল’র তুলনায় অর্থও নিচ্ছে কম। গুগল ফাইবারের মাসিক খরচ ৭০ ডলার হলেও সনির এই ইন্টারনেট সংযোগের জন্য গ্রাহককে গুণতে হবে মাসে ৫০ ডলার। আল্ট্রা-ফাস্ট এই ইন্টারনেট সংযোগের নাম দেওয়া হয়েছে ‘নুরো’। টোকিওসহ জাপানের ছয়টি শহরে এই নেটওয়ার্ক প্রদানকারী আইএসপি’র নাম সো-নেট এন্টারটেইনমেন্ট। তারা জানিয়েছে, তাদের এই সংযোগে ২ জিবিপিএস গতির ডাউনলোড সুবিধা ছাড়াও থাকছে ১ জিবিপিএস গতির আপলোড সুবিধা। এই সংযোগ গ্রহণ করার জন্য অবশ্য গ্রাহকদের দুই বছরের জন্য চুক্তিতে আবদ্ধ হতে হবে। তাতে অবশ্য কোনো সমস্যা দেখছেন না সংশ্লিষ্টরা। তবে চাইলেও হয়ত এই সেবার পূর্ণাঙ্গ সুবিধা গ্রহণ করতে পারবেন না কেবল তাদের ব্যবহূত হার্ডওয়্যারের সীমাবদ্ধতার কারণেই। কেননা ইন্টারনেট সংযোগটি ২ জিবিপিএস গতি সমর্থন করার পাশাপাশি তাদের হার্ডওয়্যারকেও এই গতি সমর্থন করতে হবে। তবে আগ্রহী অনেকের কাছেই জানা গেছে, তারা এই সংযোগের জন্য প্রয়োজনে তাদের কম্পিউটারকে বদলে নেবে এই সংযোগের উপযোগী করে।