পুরো রমজানজুড়ে কোরআন শরীফ বিতরণ করবে এসিস্ট বাংলাদেশ

প্রতি বছরের মতো এবারো রমজান উপলক্ষে দেশের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ বিতরণ শুরু করেছে 'এসিস্ট বাংলাদেশ'। এই কর্মসূচি চলবে পুরো রমজান মাসজুড়ে। মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিস্ট বাংলাদেশ ২০১২ সাল থেকে প্রতি রমজানে দেশের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ বিতরণ করে আসছে। এবারো এই কার্যক্রম চলছে। ২০১৮ সালে দেশের ২১টি জেলার ৬১টি মাদরাসা ও এতিমখানায় বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। এবারো দেশের বিভিন্ন প্রান্তের মাদরাসা ও এতিমখানা থেকে চাহিদাসাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক কুরআন শরীফ বিতরণ করার প্রস্তুতি রয়েছে সংগঠনটির।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, 'আমাদের এই কার্যক্রমে কোনো সহৃদ ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা করতে চাইলে আমরা স্বাগত জানাই। প্রতিবছর সংগঠনের নিজস্ব তহবিলের বাইরেও অনেকেই সাহায্য-সহযোগিতা করে আসছেন। গত বছর দেশ-বিদেশ থেকে বেশ কয়েকজন সহৃদ ব্যক্তির পাশাপাশি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এবং আদ-দ্বীন ফাউন্ডেশন থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আমরা নগদ সহায়তা নয়, কেউ কোরআন শরীফ দিয়ে আমাদের সহযোগিতা করাকে বেশি উৎসাহ দিচ্ছি।'

আরও পড়ুন:  ধুমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম কলেজ

কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। ফজিলতের এই মাসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়া উত্তম কাজ। কোনো এতিমখানা কিংবা মাদ্রাসা পবিত্র কোরআন শরীফ পেতে আগ্রহী হলে, সংগঠনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যম।

উল্লেখ্য, এসিস্ট বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন। মোট চারটি কার্যক্রম পরিচালনা করে এটি। বয়স্ক নাগরিকদের সহায়তা ও পুর্নবাসন, পোশাক খাতের হাইজিন, নদীভাঙ্গন এলাকার শিশুদের শিক্ষায় 'মানবিক স্কুল' পরিচালনা এবং প্রকাশনা কার্যক্রমের অংশ হিসেবে আঞ্চলিক মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস ও দেশের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবনী সংগ্রহ ও লিপিবদ্ধ করে 'এসিস্ট বাংলাদেশ'।

ইত্তেফাক/জেডএইচডি