নরসিংদীতে হরতালের হুমকি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২১:০০
নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা আ ফ ম আব্দুস ছাত্তারকে গ্রেফতারের প্রতিবাদে গত রবিবার জেলা জামায়াতে ইসলাম শহরে মিছিল করে তার মুক্তি দাবি করেছে।
জামায়াত নেতারা জানান, মঙ্গলবারের মধ্যে জেলা আমীর আ ফ ম আব্দুস ছাত্তারকে মুক্তি না দেয়া হলে আজ বুধবার নরসিংদী জেলার সর্বত্র সকাল ৬টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে।
উল্লেখ্য গত শুক্রবার জেলা আমীর আ ফ ম আব্দুস ছাত্তারকে শহরের শিক্ষা চত্বর থেকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, গত ১ মার্চ শহরের ঘোড়াদিয়া এলাকায় জামায়াত-শিবির একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপর হামলা করে। এ হামলার ঘটনায় সদর মডেল থানার ওসি (তদন্ত) একেএম আজিজুর রহমান মিয়াসহ ১০ পুলিশ সদস্য আহত হয়। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় জেলা আমীরসহ অন্য নেতাকর্মীদের নামে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।