আইসিটি বিকাশে বিসিসি’র পাঁচ বছর মেয়াদি প্রকল্প

বর্তমান সরকারের লক্ষ্য ডিজিটাল ছোঁয়ায় জীবনের পরিবর্তন সাধন। এ লক্ষ্যে সরকারের বিরামহীন পথচলা অব্যাহত আছে। সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে ডিজিটাল বাংলাদেশের সূচনা হয় ২০০৯ সালে। আর ডিজিটাল বাংলাদেশের কর্মসূচী নিয়েই মধ্য আয়ের দেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স লঞ্চিং প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ লঞ্চিং প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর সালমান জহির, স্বাগত ভাষণ দেন বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশফাক হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিসিসি’র সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট তারেক মো. বরকত উল্যাহ। অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক বিষয়ে আলোকপাত করেন প্রকল্প পরিচালক রেজাউল করিম। পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তাবায়ন করেবে বিসিসি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক শিল্প বিকাশের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি ও রপ্তানি আয়ের নতুন ক্ষেত্র বিস্তৃতকরণ, পাবলিক সেক্টরের আধুনিকায়নের জন্য উপযুক্ত মান ও নির্দেশাবলী প্রস্তুত করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জন্য ৩০ হাজার দক্ষ জনবল তৈরি, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পকে বিশ্বের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের জন্য উপযুক্ত নীতিমালা ও আইন তৈরি করা প্রভৃতি লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।