প্রেসক্লাব কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন না করলে আমরাই করবো

বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়া প্রেসক্লাব জাতীয় প্রতিষ্ঠান হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী । তিনি বলেন, প্রত্যেক জাতির একাধিক জাতীয় নেতা থাকতে পারে, কিন্তু আমাদের জাতির পিতা একজন। বুধবার জাতীয় প্রেসক্লাবের ফটকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রেসক্লাব কর্তৃপক্ষ আমাদের কাছে সময় চেয়েছে, আমরা সময় দিয়েছি। ২৫ মে’র মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন না করা হলে আমরা জাতির পিতার ম্যুরাল স্থাপন করে প্রেসক্লাবের মর্যাদা রক্ষা করবো। তখন প্রতিশ্রুতি ভঙ্গের কারণে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষই দায়ী থাকবে। তিনি আরো বলেন, প্রেসক্লাব কর্তৃপক্ষ আমাদের অনেক সদস্যের সদস্যপদ আটকে রেখেছে, আমরা এক মাস সময় দিয়েছি, এরমধ্যে আমাদের দাবি মানা না হলে তাদের সঙ্গে আমরা আর কোনো সমঝোতায় যাবো না। সংগঠনের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া বলেন, জাতির পিতার ম্যুরাল স্থাপন করা হলে আমাদের মর্যাদা বাড়বে না, বরং জাতীয় প্রেসক্লাবের মর্যাদা বৃদ্ধি পাবে। সমাবেশে মঞ্জুরুল আহসান বুলবুল, শফিকুর রহমান, আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।