খুলনায় বিলুপ্ত প্রায় প্রজাতির ৩৬টি কচ্ছপ অবমুক্ত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাকৃতিক লেকে কয়েকটি প্রায় বিলুপ্ত প্রজাতির ৩৬টি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের নিয়মিত কোর্স বায়োডাইভারসিটির আওতায় এ কচ্ছপগুলো ক্যাম্পাসের প্রাকৃতিক লেকে অবমুক্ত করা হয়। দেশের জীববৈচিত্র্য (বায়োডাইভারসিটি) সংরক্ষণের আওতায় স্ত্রী ও পুরুষ মিলে মোট ৩৬টি কচ্ছপ অবমুক্ত করা হয়।
অবমুক্ত কচ্ছপগুলো ক্যাম্পাসের প্রাকৃতিক লেকে নির্বিঘ্নে বেড়ে উঠবে। সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে কচ্ছপ থাকলেও ক্রমাগত মানুষের অপরিকল্পিত সংগ্রহ, বিক্রি এবং আবাসস্থল ধ্বংসের কারণে আজ তা প্রায় বিলুপ্ত হতে চলেছে। সরকার ইতিমধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপ ধরা ও বিক্রি আইনগতভাবে নিষিদ্ধ করেছে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অবমুক্ত কচ্ছপগুলো নির্বিঘ্নে প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিলুপ্তপ্রায় কচ্ছপগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ, এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, বায়োডাইভারসিটি কোর্সের শিক্ষক প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরীসহ এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত, প্রসূন কুমার ঘোষ ও উক্ত ডিসিপ্লিনের ছাত্র-ছাত্রীবৃন্দ।