নান্দাইল হাসপাতালে বিদ্যুত্ বিভ্রাট হিমায়িত ওষুধ নষ্টের আশংকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়ায় বিভিন্ন ওয়ার্ডে বিপর্যয় নেমে এসেছে। ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা না ঘোরায় অন্ত বিভাগে চিকিত্সাধীন রোগীরা প্রচন্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিদ্যুত্ বিচ্ছিন্নতার কারণে ইপিআই বিভাগের ফ্রিজিং ব্যবস্থা অচল হয়ে পড়ায় বিপুল পরিমাণ ওষুধ সংরক্ষণ হুমকির মুখে পড়েছে। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সপ্তাহে লাইনে আগুন লেগে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুত্ সংযোগ অচল হয়ে পড়ে। পরে ময়মনিসংহ থেকে সংশ্লিষ্ট বিভাগের লোকজন এসে সাময়িকভাবে ত্রুটি মেরামত করে দিয়ে গেলেও গতকাল মঙ্গলবার আবারও লাইনে আগুন ধরে যায়। ফলে মেইন সুইচ বন্ধ করে দেয়া হয়েছে। ইপিআই টেকনিশিয়ান মো. দুলাল মিয়া জানান, তার বিভাগের রেফ্রিজারেটরগুলোর সংযোগ চালু করার পর আবারও বৈদ্যুতিক লাইনে আগুন ধরে যায়। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো, তাজুল ইসলাম খান বলেন, বিশেষ ব্যবস্থায় কিছু বিভাগের কাজকর্ম চালিয়ে নেয়া হচ্ছে। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের মুলভবনটি নির্মাণের পর বৈদ্যুতিক লাইনগুলো সংস্কার করা হয়নি।